চট্টগ্রামে আনোয়ারা থানা এলাকার একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার সিএমপির ৬ পুলিশ সদস্যের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবীর দেশ রূপান্তরকে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় ৬ পুলিশ সদস্যকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আনোয়ারা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এই আদেশ দেয়।
উল্লেখ্য, ছয় পুলিশ সদস্য হলেন, এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল আবদুল নবী, এস্কান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ, কনস্টেবল মোরশেদ বিল্লাহ। এর আগে গত ৭ ফেব্রম্নয়ারি আনোয়ারা থানা পুলিশ এই ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করে আনোয়ারা থানায় মামলা করেন আবদুল মান্নান গত রবিবার।
