কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আল আদিন (৩৯) নামের স্থানীয় এক যুবলীগ নেতা
গত শুক্রবার গভীর রাতে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার চালানোর সময় শহরের কালিপুর এলাকায় গেলে আসামিরা তাকে আটকে তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ সময় তাকে আসামিরা মারধরও করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
মামলায় উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, বিএনপি নেতা ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান সোহেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা আঙ্গুর মিয়া, ইমতিয়াজ আহমেদ কাজল, মুকিত মিয়া, লোকমান মিয়া, তোফাজ্জল মিয়া, জুবায়ের আল মাহমুদ আফজাল, আক্তার হোসেন, এনামুল, হানিফ মিয়া, নজরুল খান, জাকারিয়া ফারুক, নাছির মোল্লা, বাছির মোল্লা, নবী হোসেন, কামরুজ্জামান রকি, জিনার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়।
ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন জানান, মামলার অভিযোগের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আগামীকাল (আজ) ভৈরব পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ গায়েবি মামলাটি করা হয়। ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, কোনো মামলা গায়েবি হয় না। দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
