জাটকা ধরায় চাঁদপুরে ২৫ জেলে আটক

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৫:০৬ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জাটকা ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বাকি জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালান। গতকাল বিকেলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার হরিণা, আলুবাজার ও হাইমচর উপজেলার কাটাখালী, ঈশানবালা, মধ্যচর, আখনের ঘাট ও গাজীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আখনের ঘাট এলাকা হতে একটি মাছ ধরার নৌকাসহ সাত জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

অর্থদ-ে দ-িত জেলেরা হলেন সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের বিল্লাল, মোবারক, আসমাদুল্লাহ শেখ, জসিম পাটওয়ারী, মনোয়ার রাঢ়ি, মো. জাকির ও আরিফ খান।

এদিকে গতকাল ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার বহরিয়া ও শ্রীরামপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

হরিণা নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ নাসিম হোসেন জানান, অভিযানকালে ১১ জেলেকে আটক করার পাশাপাশি ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নীলকমল পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার সময় সাত জেলেকে আটক করে। নীলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুল জলিল জানান, নদীতে অভিযানকালে ঈশানবালা চর এলাকা থেকে সাত জেলেকে আটক করা হয়। পরে গতকাল সকালে আটক জেলেদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা হয়েছে।

আটক জেলেরা হলেন শরীয়তপুর জেলার সখিপুর থানার ভেড়াচাকি গ্রামের মানিক জমাদার, মনির মাল, আলকেস মাঝি, রিয়াদ জমাদার, স্বপন মিজি, আক্তার মাঝি ও আরিফ সৈয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত