চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় মাইক্রেবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কুমিল্লার জেলার কান্দির পাড় এলাকার পার্থ প্রতীম গুহ (২৭) ও চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মো. হানিফ মারা যান।
দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- বিউটি, রাহাত, পাপ্পু, রঞ্জন, তৌহিদ ও লুৎফর রহমান। তাদেরকে মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল।
এ সময় মস্তাননগর এলাকায় ঢাকামুখী সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক অতিক্রম করে চট্টগ্রামমুখী সড়ক দিয়ে যাওয়া মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে পার্থর মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হানিফ নামে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
