বিচ্ছেদের খবর অস্বীকার করলেন জেনিফার লোপেজ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০১:০৪ পিএম

বাগ্‌দত্তা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বিচ্ছেদের খবর অস্বীকার করেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। রদ্রিগেজ এবং তিনি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন, খবরটি ঠিক নয়।

এর আগে নিজস্ব সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স, টিএমজেড এবং সিএনএন জানায়, রিয়্যালিটি স্টার ম্যাডিসন লেক্রয়ের সঙ্গে রদ্রিগেজের স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন জেনিফার।

চার বছরের সম্পর্ক দুজনের, বাগদান হয় বছর দুই আগে।

গত জানুয়ারিতে রদ্রিগেজের নতুন সম্পর্কের কথা জানাজানি হয়। এরপর লেক্রয় স্বীকার করেন, রদ্রিগেজের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ হয়েছে। তবে ডেটিং হয়নি।

লেক্রয় পেজ সিক্সকে বলেন, ‘সে কখনো তার বাগ্‌দত্তাকে শারীরিকভাবে ঠকায়নি। আমি তার পরিবারের জন্য খারাপ কিছু চাই না। আমাদের এখানে কোনো দোষ নেই।’

এই খবর গণমাধ্যমে আসার কয়েক ঘণ্টা পর লোপেজ এবং রদ্রিগেজ বলেন, ‘সব সংবাদ অসত্য। আমরা কিছু বিষয় ঠিক করার চেষ্টায় আছি।’

লোপেজ ২০১৭ সাল থেকে রদ্রিগেজের সঙ্গে ডেটিং শুরু করেন। সম্প্রতি জানা যায়, কোয়ারেন্টাইনের সময় তিনি এবং রদ্রিগেজ মনবিদ দেখিয়েছেন।

লোপেজ কখনোই ভালোবাসায় সফলতার মুখ দেখেননি। আগে তিন-তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনো বিয়েই টেকেনি। প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে মাত্র এক বছর সংসার করেছিলেন লোপেজ। সেটা ১৯৯৭-১৯৯৮ সালের ঘটনা।

এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও বিয়ের কথা ছিল লোপেজের। তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত