নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে আলোচিত নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলওয়ার বাহিনীর প্রধান দেলওয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
বুধবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।
এ সময় আদালত অভিযোগপত্রের অপর আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশও দেন।
এর আগে ২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরও আগে একই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৯জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছে।
উল্লেখ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। মামলা করেন নির্যাতিতা নারী।
