করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশটিতে ২৪ ঘণ্টায় ৫৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যা পাঁচ মাস সাত দিনের মধ্যে সর্বাধিক।
আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিল সাড়ে ৫৩ হাজার। শুক্রবার তা ছাড়িয়ে যায় ৫৯ হাজার যা গত বছরের ১৯ অক্টোবরের পর সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ হাজার ১১৮ জন।
একই সময়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে ভারতে মোট ১ লাখ ৬০ হাজার ৯৪৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
ভারতে এই দৈনিক সংক্রমণের সিংহভাগই হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে। বৃহস্পতিবার ওই রাজ্যে ৩২ হাজারের কাছাকাছি শনাক্তের কথা জানানো হয়। আজ তা দাঁড়ায় প্রায় ৩৬ হাজারে।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ভারতে চলছে টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৫৫ লাখেরও বেশি কভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।
