ফরিদপুরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১২:৫০ পিএম

ফরিদপুরে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সকলকে ঘুমিয়ে পড়ার সুবাদে চুরির ঘটনা ঘটে আসছিল।

গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়ার সঙ্গে চেতনানাশক সামগ্রী মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সন্দেহ হওয়ায় বাড়ির একজন বাদে কেউ ওই আহার গ্রহণ করেননি।

দিলীপ বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে মারাত্মক আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, ওই ব্যক্তির হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বিষয়টি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর একটি দলও কাজ করছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত