ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পড়ুয়া মুসা আবু জামি (২২) নামের এক ফিলিস্তিনি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে দেশের বাড়ি ফিলিস্তিনের গাজায় তিনি আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসা আবু জামি রমজান শুরুর কয়েক দিন আগে দেশের বাড়ি ফিলিস্তিনের গাজায় যায়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করে।
তিনি বলেন, মুসা আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশের বাড়ি ফিলিস্তিনে যান। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী।
অধ্যক্ষ আরও বলেন, রবিবার ফিলিস্তিনের দূতাবাস লিখিত আকারে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর বাংলাদেশ সরকার ও আমাদের জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
