শুভর নতুন ছবি ‘নূর’, পরিচালক রাফী

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১১:১৮ এএম

নতুন কিছুর আভাস দিয়েছিলেন আরিফিন শুভ, আর সেই ছবির নাম প্রকাশ করলেন রায়হান রাফী। হ্যাঁ, প্রথমবারের মতো নায়ক-পরিচালক এক হলেন ‘নূর’ ছবির জন্য।

সোমবার এক ভিডিও বার্তায় শুভ জানান, পরদিন আসছে নতুন ছবির ঘোষণা। দিনভর গুঞ্জনের পর মঙ্গলবার সন্ধ্যায় রাফী শেয়ার করলেন পোস্টার।

সেখান থেকে জানা যায়, ছবির নাম ‘নূর’, অভিনয় করছেন আরিফিন শুভ। ছবিটি প্রযোজনা করছে আলোচিত শাপলা মিডিয়া।

বেশ আগেই ‘পরাণ’-এর সূত্রে রাফীর সঙ্গে শুভর আলোচনা হয়। কিন্তু শিডিউল জটিলতায় তারা একসঙ্গে কাজ না করলেও সে সময়ই ‘নূর’-এর গল্প শুনে আগ্রহ দেখান নায়ক। তার প্রায় বছর দুই-এক পর এলো ঘোষণা। সংবাদমাধ্যমকে এমনটি জানান রাফী।

ফেইসবুকে শুভ জানান, সাত মাস আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলেও পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি প্রকাশ করেননি। অবশেষে প্রতীক্ষার অবসান হলো।

পোস্টারে ক্যালিগ্রাফির ঢঙে উপস্থাপন করা হয়েছে ‘নূর’ টাইটেলটি। তার ওপরে লেখা, ‘আরিফিন শুভ ইন অ্যান্ড অ্যাজ নূর’। গল্প স্পষ্ট না করলেও রাফী জানান, ইসলামিক কিছু বিষয় থাকছে। তবে এটি মফস্বলের প্রেক্ষাপটে প্রেমের গল্প বলেও উল্লেখ করেন সংবাদমাধ্যমের কাছে।

ছবিতে শুভর বিপরীতে কে থাকছেন— এ ঘোষণা শিগগিরই আসছে।

পরিস্থিতি অনুকূলে থাকলে ঈদুল ফিতরের পর ঢাকার বাইরে ‘নূর’-এর শুটিং শুরু হবে। আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান রাফী।

বর্তমানে শুভর হাতে রয়েছে ‘বঙ্গবন্ধু’ ও ‌‘জ্যাম’। রাফীর হাতে আছে ‘পরাণ’, ‘ইত্তেফাক’ ও ‘দামাল’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত