বিশ্ববিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীকে শ্রদ্ধা জানালেন জয়া আহসান।
রবিবার সকালে ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী বলেন, বামনদের ভূখণ্ডে তার মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।
সঙ্গে যোগ করেন কৈশোর ও বড়বেলায় সত্যজিতের কর্মকে কীভাবে পেয়েছেন সেই কথা।
জয়া ফেইসবুকে ‘পথের পাঁচালী’ নির্মাতার সাদাকালো একটি ছবি শেয়ার করে লেখেন, “বামনদের ভূখণ্ডে তার মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।”
আরও বলেন, “কিশোরীবেলায় তার লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তার ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।”
সত্যজিতের বিশ্বজয় প্রসঙ্গে বলেন, “পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে।”
“আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তার ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে”, এভাবে নিজের কথা শেষ করেন জয়া আহসান।
১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তার চলচ্চিত্রকর্মের মধ্যে রয়েছে ২৮টি পূর্ণদৈর্ঘ্য চিত্র, ৫টি তথ্যচিত্র ও ৩টি টেলিফিল্ম। ১৯৯২ সালের ২৩ এপ্রিল একই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
