এক নায়িকার সঙ্গে টানা কাজ করিনি

আপডেট : ০৮ জুন ২০২১, ১০:২৬ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এখন ব্যস্ত কোরবানির ঈদের কাজ নিয়ে। তার ওয়েব ফিল্ম ‘মরীচিকা’র ট্রেইলার প্রকাশের পর দর্শক প্রতিক্রিয়া ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

এখনকার কাজ...

গতকাল থেকে শুরু করেছি একটি খণ্ডনাটকের কাজ। ‘ওয়ান সাইডেড লাভ’ নামের এই নাটকটি কোরবানির ঈদে প্রচার হবে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের পরিচালক মাহমুদ মাহিন। আমার নায়িকা কেয়া পায়েল। আরও আছেন মুনিরা মিঠু ও অর্ণব অন্তু। ঈদে দর্শক এমনিতেই আনন্দের মধ্যে থাকে। আর এখন তো করোনাকাল। তাই এখন ভারী কোনো গল্প দর্শক পারতপক্ষে দেখতে চায় না। এজন্যই এ ধরনের রোমান্টিক নাটকে কাজ করা। আশা করছি দর্শকের ভালো লাগবে।

‘মরীচিকা’...

ইতিমধ্যেই ‘মরীচিকা’ ওয়েব সিরিজের ট্রেইলার সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। একজন দর্শক হিসেবে আমারও ভালো লেগেছে। পরিচালক শিহাব শাহিন সুন্দরভাবে গুছিয়ে কাজটি প্রেজেন্ট করেছেন। আমি বলব, বেশ বৈচিত্র্য রয়েছে। তাই কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, এখানে ভালো একটি গল্পের পাশাপাশি অনেক দর্শকপ্রিয় আর্টিস্ট রয়েছেন। সবাইকে একসঙ্গে দেখার আগ্রহ রয়েছে দর্শকের মধ্যে। এ ধরনের বড় বাজেটের কাজ আরও হওয়া উচিত বলে আমি মনে করি। আমার কাজের অভিজ্ঞতাও খুব ভালো। সিয়ামের সঙ্গে আগে কাজ করলেও আফরান নিশো ও মাহিয়া মাহির সঙ্গে প্রথমবার কাজ করছি। কিন্তু বোঝাপড়া নিয়ে খুব একটা সমস্যা হয়নি।

ঈদের কাজে সাড়া...

গেল ঈদুল ফিতরে সব মিলিয়ে আমার ২৩টি খণ্ডনাটক প্রচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও যে সময়ে ঈদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেই সময়টা অর্থাৎ পুরো রোজা ও তার আগে সব মিলিয়ে ৪০ দিন আমি কাজ করতে পারিনি। আমি করোনা পজিটিভ ছিলাম। সুস্থ হওয়া ও কাজের জন্য নিজেকে ফিট করতে এ সময়টা আমাকে দিতে হয়েছে। তারপরও এতগুলো কাজ প্রচার হওয়াটা সৌভাগ্যের। কাজগুলো আগে করা ছিল। সেখান থেকে বেশ কিছু নাটকের জন্য দর্শকের ভালো সাড়া পেয়েছি। প্রথমেই বলতে হয় মোস্তফা কামাল রাজের পরিচালনায় তাসনিয়া ফারিনের সঙ্গে করা ‘অ্যাওয়ার্ড’ নাটকটির কথা। এটি ব্যক্তিগতভাবেও আমার পছন্দের একটি নাটক। এ ছাড়া জাকারিয়া সৌখিনের নির্দেশনায় তানজিন তিশার সঙ্গে ‘বালক বালিকা’ নামের একটি নাটক করেছিলাম। এটা টিকএজ লাভস্টোরি। ‘মাতাল হাওয়া’ নামে একটি নাটক আছে। এ নাটকে আমার অভিনয় নিয়ে দর্শকের আলাদা করে প্রশংসা পেয়েছি। ‘ব্রাদার সিস্টার’ নামে আমি শবনম ফারিয়া একটি নাটক করেছি। ভাই-বোনের গল্প নিয়ে করা এই কাজটিও বেশ ভালো হয়েছে।

জুটিপ্রথা...

জুটিপ্রথায় আমি কখনোই বিশ্বাস করি না। খেয়াল করলে দেখবেন গত কয়েক বছরে যে নিয়মিত ব্যস্ততা যাচ্ছে নাটকের। কিন্তু আমি কখনোই নির্দিষ্ট একজন নায়িকার সঙ্গে টানা কাজ করিনি। ভালোবাসা দিবস হোক কিংবা ঈদ, সব সময় আমার নাটকে সহশিল্পী থাকে আলাদা আলাদা। মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবির, সাবিলা নূর, ফারিন, কেয়া পায়েল সবার সঙ্গেই কাজ করছি। কারণ, এক এক গল্পে এক একজন আর্টিস্ট ডিমান্ড করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত