বেতনের টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনে দিচ্ছেন বশেমুরবিপ্রবি শিক্ষক!

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:০১ পিএম

গোপালগঞ্জে কভিড-১৯ আক্রান্তদের জন্য বিনা মূল্যে জরুরি অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন বশেমুরবিপ্রবির শিক্ষক ড. রাজিউর রহমান।

করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে তিনি তার বেতনের টাকায় প্রাথমিকভাবে চারটি অক্সিজেন সিলিন্ডার কিনে এ মানবিক কার্যক্রম শুরু করেন।

মানবিক সংগঠন ‘বাঁধন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে তার এ উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছেন।  

বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহ্ আলম বলেন, প্রক্টর ড. রাজিউর রহমান তার এ উদ্যোগের কথা আমাদের জানালে আমরা সাড়া দিই। করোনা আক্রান্ত অনেকে অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে আমরা মানুষের পাশে থেকে যদি সামান্য একটু উপকারে আসতে পারি, আর এতে যদি কোনো মানুষের জীবন বেঁচে যায়-এর থেকে পুণ্যের আর কী আছে! আমাদের প্রিয় শিক্ষকের এ উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি একজন মানবিক মানুষ।

বশেমুরবিপ্রবি’র আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। করোনার মহামারী পরিস্থিতিতে অকালে অনেক মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। যা কারো কাম্য নয়। এটি আমার সীমিত সাধ্যে একটি ক্ষুদ্র উদ্যোগ। আমাদের এ প্রচেষ্টায় কারো উপকার হলে উদ্যোগটি সফল হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সকলের প্রতি আমার এ আহ্বান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত