হলিউড, টম ক্রুজ, মার্কিন সরকার, সবাইকে পেছনে ফেলল রাশিয়া

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৫:০৬ পিএম

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছিল, হলিউডের একটি চলচ্চিত্রের দৃশ্য ধারণ করতে স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাবেন অভিনেতা টম ক্রুজ। জানানো হয়েছিল চলচ্চিত্রটির নাম এবং কাহিনি এখনো চূড়ান্ত হয়নি।

কিন্তু টম ক্রুজের সেই ছবির নাম ঠিক হওয়ার আগেই পরিকল্পনা চূড়ান্ত করে কাজও শুরু করে দিলো রাশিয়া। মঙ্গলবার ‘দ্য চ্যালেঞ্জ’ নামের একটি ছবির শুটিং করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো।

মহাকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা চলছে ইতিহাস হয়ে যাওয়া সেই ‘স্নায়ুযুদ্ধের’ সময় থেকে। দুই দেশেরই বড় কিছু অর্জন রয়েছে। মহাকাশে প্রথম স্যাটেলাইট এবং প্রথম মানুষ পাঠিয়েছিল রাশিয়া। তবে চাঁদে প্রথম সফল অভিযানটা চালায় যুক্তরাষ্ট্র। চাঁদে প্রথম পা রাখা মানুষের নাম তাই নিল আর্মস্ট্রং। এবার স্পেস স্টেশনে শুটিং করা প্রথম অভিনয় শিল্পী হতে চলেছেন রাশিয়ার ইউলিয়া পেরেসিল্ড।

মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর নভোযান উড্ডয়ন কেন্দ্র থেকে ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেঙ্কোকে নিয়ে রওনা দেয় রাশিয়ার সয়ুজ এমএস-১৯ মহাকাশযান। মস্কোর সময় বুধবার ৩টা ১২ মিনিটে তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাওয়ার কথা।

মহাকাশে ১২ দিন থাকবেন ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেঙ্কো। সঙ্গে দুজন পেশাদার নভোচারীও থাকছেন এই অভিযাত্রায়।

টম ক্রুজের ছবির নাম ঠিক করতে দেরি হলেও রুশ পরিচালক ক্লিম শিপেঙ্কো আগেই জানিয়ে দিয়েছেন তার ছবির নাম ‘দ্য চ্যালেঞ্জ’। ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন ইউলিয়া। একজন নভোচারীর প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশনে যেতে হয় তাকে। যাওয়ার পরের ঘটনাগুলোরই চিত্রায়ন হবে ১২ দিন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘মহাকাশে আমরাই অগ্রপথিক। হ্যাঁ, অন্যরাও আমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে, এখানে যে সদর্থে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে তা ঠিক। এ ধরনের ফ্লাইট আমাদের অর্জনকে জনপ্রিয় করে। মহাকাশ নিয়ে মৌলিক চিন্তার জন্যও এটা সুখবর’।

অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেঙ্কোর মহাকাশ যাত্রা শুরুর পর ক্রেমলিনের আরও ঘোষণা, ‘মহাকাশে আমরাই অগ্রপথিক’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত