এক বছরের জন্য নিষিদ্ধ দেশের দ্রুততম মানব ইসমাইল

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০২:৫৩ পিএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বছরের জন্য সকল কর্মকাণ্ড থেকে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। নিষেধাজ্ঞায় থাকাকালীন ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি।

টোকিও অলিম্পিকে বাছাই প্রক্রিয়া নিয়ে সোচ্চার ছিলেন ইসমাইল। ফেডারেশনের বিরুদ্ধে গিয়ে গণমাধ্যমসহ নানান জায়গায় প্রতিবাদও করেছেন তিনি। ইসমাইলের এই বিরুদ্ধাচরণ ভালো লাগেনি ফেডারেশনের।

শুরুতে ইসমাইলকে শোকজ দিলেও পরবর্তীতে তদন্ত কমিটি করা হয়। তদন্ত শেষে গত ২ অক্টোবর তাকে নিষেধাজ্ঞার শাস্তি দেয় কমিটি।

ফেডারেশনের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের কারণে নিয়ম মেনেই ইসমাইলকে শাস্তি দেওয়া হয়েছে জানিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন।

অন্যদিকে, নিষেধাজ্ঞায় প্রচণ্ড হতাশ বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল। তবে অবশ্য শাস্তি কমানোর জন্য আপিল করতে পারবেন তিনি।

গত এপ্রিলে হওয়া সর্বশেষ বাংলাদেশ গেমসে দ্রুততম মানব হন ইসমাইল। টানা চতুর্থবার এই কীর্তি গড়েন তিনি। কিন্তু টোকিও অলিম্পিকে যেতে না পারায় অ্যাথলেটিকস ফেডারেশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন ইসমাইল। ফেডারেশন তার প্রতি অবিচার করেছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত