পাকিস্তানি পেসার হাসান আলির চোখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দল অন্যতম ফেভারিট। পাকিস্তানই শিরোপা জিতবে এমনটা বলছেন না তিনি। তবে বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে বলে মন্তব্য ২৭ বছর বয়সী পেসারের।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে পাকিস্তান। গ্রুপ-২ এ তাদের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব পার হয়ে আসা দুটি দল।
২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। হাসান বলেন, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে।’
‘দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আমরা শতভাগ উজাড় করে দেব। আমি এটা দাবি করছি না যে আমরা শিরোপা জিতব। তবে আমরা ভালো ক্রিকেট খেলব।’
ডানহাতি এই পেসার আরো বলেন, ‘ফলাফল আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে, সেটা হলো আমরা চেষ্টা করতে পারি এবং এটা নিশ্চিত করতে পারি, প্রতিটি খেলায় আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করব।’
ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। গেল মাসে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
এ ব্যাপারে হাসান বলেন, ‘অবশ্যই, ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে অনেক রোমাঞ্চ তৈরি হয়েছে। আমাদের আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই ম্যাচগুলো আমরা হালকাভাবে নিতে পারব না।’
‘আমরা প্রথম ম্যাচ থেকেই প্রস্তুতি নেব। প্রথম ম্যাচে যখন জয় পাব তখন আত্মবিশ্বাস বাড়বে। চাপ আছে কিন্তু আমরা সবাই পেশাদার এবং আমরা জানি যে এটা কিভাবে সামাল দিতে হয়।’
