শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে শিমুলিয়া ঘাট ছাড়ে ফেরি।
পদ্মায় স্রোতের তীব্রতা কমে যাওয়ায় ছোট-ছোট প্রায় ৩০টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহম্মেদ জানান, নদীতে তীব্র স্রোতের কারণে টানা ৪৮টি ফেরি বন্ধ থাকার পরে গত ৪ অক্টোবর সীমিত যানবাহন নিয়ে শুধু মাত্র দিনে পাঁচটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ ফেরি চালানো গেলেও গত ১১ অক্টোবর আবারও স্রোতের তীব্রতা বেড়ে যায়। তাই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
আরও বলেন, এখন নদীতে তেমন স্রোত নেই। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সকাল থেকে ফেরি চলাচল চালু করেছি।
ফয়সাল বলেন, এখন দিনে শুধু ৫টি কে-টাইপ ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, প্রাইভেটকার পারাপার করা হবে। রাতে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। পরিবহন ও বড় বড় ট্রাক বিকল্প ঘাট দিয়ে পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে।
