নরসিংদীতে অজ্ঞাতনামা আনুমানিক ৪০ বছর বয়সী একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বানিয়াছল এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পুকুরপাড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছি।
