ইমরান খান থেকে শুরু করে আমির সোহেল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ বা শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারেননি কোনো পাকিস্তান অধিনায়কই। পূর্বসূরিরা যা পারেননি সেটিই করে দেখালেন বাবর আজম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই ভারতকে হারাল পাকিস্তান।
শুধু নেতৃত্বেই নয়, ব্যাট হাতেও ভারতকে হারাতে বড় ভূমিকা রাখেন বাবর। রবিবার দুবাইয়ে ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই পাকিস্তান ১০ উইকেটে ম্যাচ নিজেদের করে।
দুই ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থেকে ইতিহাস লেখেন।
ছেলের ও পাকিস্তান দলের এই সাফল্য গ্যালারিতে বসে দেখেছেন বাবরের বাবা আজম সিদ্দিকি। ছেলের সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পরেননি তিনি। গ্যালারিতে অঝোরে কেঁদেছেন।
সেই ভিডিও শেয়ার করেছেন পাকিস্তানের ক্রীড়া পরিসংখ্যানবিদ মাজহার আরশাদ। বাবরকে এই সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানও। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
