কোহলির কথা শুনে চটেছেন কপিল দেব

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৬:৪০ পিএম

দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াটায় এখন শঙ্কার মুখে ভারতের। এই ম্যাচের পর বিরাট কোহলির দেওয়া বক্তব্য পছন্দ হয়নি ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের।

কিউইদের বিপক্ষে ২০ ওভারে মাত্র ১১০ রান করতে পারে টিম ইন্ডিয়া। এই রান তাড়া করতে নেমে ৩৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

কিউইদের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ কোহলি বলেন, ‘বেশ অদ্ভুত। ব্যাটে-বলে আমরা যথেষ্ট সাহসী ছিলাম না।’

কোহলির এই কথা শুনে বেশ চটেছেন কপিল দেব। এবিপি নিউজকে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেন, ‘তার মতো এমন বড় খেলোয়াড়ের জন্য এই এটি খুবই দুর্বল বিবৃতি। অধিনায়কের শরীরী ভাষা যদি এমন হয় তবে দল ভালো করবে কি করে। আমি তার কথা শুনে অবাক হয়েছি। সে এমন খেলোয়াড় নয়।’  

কপিল দেব আরও বলেন, ‘সে একজন যোদ্ধা। একজন অধিনায়কের “আমরা যথেষ্ট সাহসী ছিলাম না” বলা উচিত হয়নি। সে দেশের জন্য খেলছে এবং তার সেই আবেগ রয়েছে। কিন্তু যখন তুমি এমন কথা বলো, তখন নিঃসন্দেহে অভিযোগের আঙুল উঠবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত