এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সূচি চূড়ান্ত

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০২:৪৬ এএম

১৪ ডিসেম্বর থেকে ঢাকায় বসতে যাচ্ছে এশিয়ার হকির অন্যতম বৃহৎ আসর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি।

সাধারণত এই আসরে বাংলাদেশের খেলার সুযোগ থাকে না। এশিয়ান র‌্যাংকিংয়ে নবম হলেও আয়োজক হিসেবে ছয় জাতির এই আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার এশিয়ান হকি ফেডারেশন ৯ দিনব্যাপী এই আসরের সূচি প্রকাশ করেছে। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার। পরের দিন বাংলাদেশকে পরীক্ষা দিতে হবে এশিয়ার অন্যতম পরাশক্তি ভারতের কাছে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এদিন দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই হবে। ১৮ ডিসেম্বর চতুর্থ ম্যাচটি বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। পরে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের সঙ্গে।

২১ ডিসেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ ও দুটি সেমিফাইনাল হবে। আর ২২ ডিসেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে দলটির কোচ মাহবুব হারুন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোয়। এখনো কাউকে দেওয়া হয়নি কোচের দায়িত্ব।

সর্বশেষ সর্বাধিক পঠিত