বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবেন জয়, ভবিষ্যদ্বাণী মুমিনুলের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম

বছরের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ০১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কিউইদের সঙ্গে টাইগারদের দুই টেস্ট সিরিজ।

সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা।

এমনিতে কিউইদের বিপক্ষে টেস্টে পারফরম্যান্স অত ভালো নয় মুমিনুলদের। তার মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে ৯ টেস্ট খেলে সবক’টিতেই হেরেছে বাংলাদেশ।

এদিকে নিউজিল্যান্ড সফরে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। নেই তামিম ইকবালের মতো ড্যাশিং ওপেনারও। যার ফলে নতুন ওপেনিং জুটি খুঁজতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। সে জায়গায় মাহমুদুল হাসান জয়ের সম্ভাবনা দেখছেন মুমিনুল হক।

২১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আমাদের নাম্বার ওয়ান ওপেনার তামিম নেই। তিনি বিশ্বের সেরা ওপেনারদের একজন। তাই এই সিরিজে ওনার বিকল্পের চেষ্টা করছি।’

মাহমুদুলদের হাত ধরে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পথে দারুণ পারফর্ম করেন এই ব্যাটার। মাহমুদুল ইতোমধ্যে মুগ্ধ করেছেন মুমিনুলকেও।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে শুক্রবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন আমি তাকে (মাহমুদুল) সেঞ্চুরি করতে দেখেছিলাম, আমি খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম। সে হয়তো বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে সে। যদিও গণমাধ্যমের সামনে আমার এটা বলা উচিত হয়নি। আমি তার প্রতি মুগ্ধ এবং আশাবাদী, সে ভালো ক্রিকেট খেলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত