জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের সমালোচনায় ফখরুল

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ পিএম

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ নিয়ে কথা বলেন।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী। জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীকে ডিঙিয়ে গত ৩০ ডিসেম্বর তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বিভাগ, যেখানে মানুষ শেষ মুহূর্তে যায়, ভরসা পাবে বলে, সেখানেও আজ পুরোপুরি দলীয়করণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নল ঠেকিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। সুপারসিড (জ্যেষ্ঠতা লঙ্ঘন) করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, সেদেশে বিচারের স্বাধীনতা কতটুকু আছে? ন্যায়বিচার কতটুকু পাওয়া যাবে তা আমরা সবাই জানি।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসেছে। ঘণ্টা বেজে গেছে, আমাদের কথা নয়।’

তিনি বলেন, ‘আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছেন (তাদের ওপর), যারা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছেন। হত্যা করেছে, নির্যাতন করেছে, তুলে নিয়ে গুম করে দিয়েছে। তাদের বিরুদ্ধেই কিন্তু এই সাজা এসেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন উল্টাপাল্টা, এদিক-সেদিক করে কথা বলে কোনো লাভ হবে না। সোজাসুজি এখনো সময় আছে- এই মুহূর্তে পদত্যাগ করুন। পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে, নির্বাচন দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকরা বারবার বলছেন তার চিকিৎসা দরকার বিদেশে। সরকার বিভিন্ন প্রকার টালবাহানা করছেন।’

‘আইন নেই? তাহলে ওয়ান-ইলেভেনে শেখ হাসিনা কীভাবে কান দেখাতে আমেরিকা গিয়েছিলেন? কীভাবে মোহাম্মদ নাসিম জেল থেকে সোজা সিঙ্গাপুর চিকিৎসা নিতে গিয়ে ছিলেন? আসলে আইন কোনো ব্যাপার নয়, ৪০১ ধারায় পরিষ্কার বলা আছে, সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে’ যোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা অনেক কথা শুনতে পাই- মন্ত্রীরা নাকি পাসপোর্ট তৈরি করে ফেলেছে। কে কোথায় যাবেন সেই ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তাহলে এত দেরি করে লাভ কী, তাড়াতাড়ি যান। দেশের মানুষ রেহাই পাক, স্বস্তি পাক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কী আওয়ামী লীগ করে? নির্বাচন আওয়ামী লীগ করে না। নির্বাচন করে সরকারি কর্মকর্তারা। নির্বাচন করে পুলিশের লোকেরা। আওয়ামী লীগকে নির্বাচন করতে হয় না। তারা নির্বাচন করলে হয় আগের রাতে করে দেয়, নতুবা ওই দিনেই বিশেষ পদ্ধতিতে প্রিসাইডিং কর্মকর্তারা করে দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত