ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নতুন মুখ ব্রুক

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৩৯ এএম

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ইয়র্কশায়ার ব্যাটার হ্যারি ব্রুক।

উইকেটরক্ষক স্যাম বিলিংস অস্ট্রেলিয়ায় অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য স্কোয়াডে যোগ দেওয়ায় এই ২২ বছর বয়সী ব্যাটারকে দলে নিল ইংল্যান্ড। চোটে ছিটকে যাওয়া উইকেটরক্ষক জস বাটলারের পরিবর্তে বিলিংসকে দলে নিয়েছে ইংলিশরা।

তবে উইন্ডিজ সফরের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডেও থাকছেন বিলিংস। ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২২ জানুয়ারি। তার চার দিন আগেই শেষ হবে অ্যাশেজের শেষ হোবার্ট টেস্ট।

আশা করা হচ্ছে, এরপর যুক্তরাজ্যে ফিরবেন বিলিংস। তারপর উড়াল দেবেন উইন্ডিজে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে বার্বাডোজে। ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি হবে পরের ম্যাচগুলো।

ক্লাব পর্যায়ে ৫০ টি-টোয়েন্টিতে ব্রুকের গড় ৩৩.৫৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.৫৮। গত শীতে তিনি ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়ায় যান। হোবার্ট হারিকেনের হয়ে বিগ ব্যাশ লিগে খেলেছেন ব্রুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত