টটেনহামকে হারিয়ে ফাইনালে চেলসি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০:১৭ এএম

সেমিফাইনালে সহজেই টটেনহাম বাধা পেরোল চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ইএফএল বা কারাবো কাপের ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা।

দ্বিতীয় লেগে টটেনহামের মাঠে ১-০ গোলে জিতেছে চেলসি। এর আগে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতে টমাস টুখেলের দল।

ফাইনাল নিশ্চিত করতে হলে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিততে হতো স্পার্সদের। কিন্তু চেলসি শিবিরে তেমন কোনো আতঙ্কই ছড়াতে পারেনি আন্তনিও কন্তের দল। উল্টো ১৮তম মিনিটে এগিয়ে যায় ব্লুজরা। ম্যাসন মাউন্টের কর্নার থেকে জাল খুঁজে নেন আন্তনিও রুদিগার।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় চেলসি। ওয়েম্বলির ফাইনালে টুখেলের দল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আর্সেনাল বা লিভারপুলকে।

স্টামফোর্ডে নিজের তৃতীয় শিরোপা জয়ের সামনে টুখেল। জার্মান কোচ এর আগে ব্লুজদের চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা এনে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত