ঝালকাঠিতে বেনাপোলগামী বাসে মিলল ১৫ মণ জাটকা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:২১ এএম

ঝালকাঠিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বাস থেকে ১৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি কৃষ্ণকাঠি পেট্রল পাম্প মোড়ে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় দুই বাসের ৬ জন স্টাফকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- কুয়াকাটা বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেস এর চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের সেভেন স্টার পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন।

এদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত জাটকা ইলিশগুলো রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। উদ্ধারকৃত জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ৎ থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত