ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে নীরব পদযাত্রা কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তার সঙ্গে আরো কয়েকন শিক্ষক যোগ দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ পদযাত্রা শুরু করেন। ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে নগরীর জিরো পয়েন্টে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।
কর্মসূচিতে তার সঙ্গে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজল শেখর কুণ্ড, রাজিবুল আলম, নিরব মামুন, নাঈম মাহমুদ, ফিরোজ আনাম প্রমুখ অংশগ্রহণ করেন।
পদযাত্রার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার এ যুদ্ধ যদি চলমান থাকে তাহলে প্রচুর মানুষ ক্ষুধায় মারা যাবে। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি মনে করি যুদ্ধ এড়িয়ে চলা উচিত। পৃথিবীর সব ‘ডিকশনারি’ থেকে যুদ্ধ শব্দটা মুছে ফেলা উচিত। আমরা শান্তি চাই, একটি সুন্দর পৃথিবী চাই।’
তিনি আরো বলেন, ‘সভ্যতার বড় শত্রু আজ আমাদের মানবতাকে হানা দিয়েছে। শুধু আজ ইউক্রেন না সারা বিশ্বে যে যুদ্ধ হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আজকের কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা চাই অবিলম্বে এ যুদ্ধ বন্ধ হোক। সেই সঙ্গে ইউক্রেনবাসীর জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’
