বাটলারের ঝোড়ো সেঞ্চুরিতে মুম্বাইকে হারাল রাজস্থান

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৮:৪৮ পিএম

জস বাটলারের ঝোড়ো সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এ নিয়ে চলতি আইপিএলে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সঞ্জু স্যামসনের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই উইকেট হারায় রাজস্থান। তবে একপ্রান্ত আগলে প্রতি-আক্রমণ চালান ওপেনার বাটলার। ইংলিশ ব্যাটারকে সঙ্গ দেন অধিনায়ক-উইকেটরক্ষক স্যামসন (৩০)। এরপর ১৪ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দেন শিমরন হেটমায়ার।

জসপ্রীত বুমরাহর বলে পঞ্চম উইকেট হিসেবে ফেরার আগে ৬৮ বলে ১১ চার ও ৫ ছয়ে ১০০ রান করেন বাটলার। রাজস্থান ৮ উইকেট হারিয়ে করে ১৯৩ রান। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট ভাগাভাগি করেন বুমরাহ ও টাইমল মিলস।

পাহাড়সম রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে বিদায় নেন মুম্বাইয়ের ওপেনার-অধিনায়ক রোহিত শর্মা (১০)। এরপর  আরেক ওপেনার-উইকেটরক্ষক ঈশান কিষান ও তিলক ভার্মা দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনে গড়েন ৮১ রানের জুটি।

তবে ৫৪ রান করে কিষান বিদায় নেওয়ার পর বেশি দূর এগোতে পারেননি ভার্মাও। ব্যক্তিগত ৬১ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হন তিনি। এরপর কাইরন পোলার্ডের ২৪ বলে ২২ রান কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। ৮ উইকেটে ১৭০ রানে থামে মুম্বাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত