গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৩:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ভুট্টাবোঝাই ট্রাক নিয়েন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. শিপন (৪৫)।

এ সময় হেলপার মো. ফিরোজ গুরুতর আহত হয়েছে। নিহত শিপন চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি গ্রামের মো. সমিরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে ভুট্টাবোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহাম্মদ আলী বাজার পার হয়ে দুলামিয়া রাস্তার মাথায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক মো. শিপন ও হেলপার মো. ফিরোজকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত