কুমিল্লায় র্যাব সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে ও শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, মো. মশিউর রহমান (২১), সবুজ ইসলাম (২০), মো. শরীফ মিয়া (১৯), মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০), মো. দেলোয়ার হোসেন (৪৯), মো. সাইফুল ইসলাম (২৭) এবং মো. রবিউল হাসান (২৫)।
গত বৃহস্পতিবার গভীর রাতে মাদক পাচারের তথ্য পেয়ে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় মাদক পাচারকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।
এতে র্যাবের করপোরাল রুবেল গাজী গুলিবিদ্ধ হন। তিনি কুমিল্লা সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এ সময় র্যাবের ছোড়া পাল্টাগুলিতে তিন মাদক কারবারি আহত হন। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
