হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের ট্যাংকে নেমে ২ ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২২, ১২:৩২ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বাজারের হকার্স মার্কেটের বকুলতলা রোডে মো. বারেক হাজীর বাড়িতে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘী গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের মতো দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে ট্যাংকে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই ট্যাংকে নেমে পড়েন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কন্ট্রেকটার হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির ট্যাংকে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা  গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কন্ট্রেকটার হিসেবে বিভিন্ন ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত