প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে পেটালো বখাটে

আপডেট : ২৯ মে ২০২২, ০৯:০৯ এএম

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। গত ২৪ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফখরুল বক্সের ছেলে বিজয় বক্সের (২১) বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিজয় অনেকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছে। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে এবং প্রেমের সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করে। গত ২৪ মে বিকেলে স্কুল থেকে ফেরার পথে কাদিপুরের মনসুর এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীর স্কুল ড্রেস ধরে টানাহেঁচড়া করে মারধর করে বিজয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে বিজয় সেখান থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে স্কুলে যাতায়াত পথে বিজয় বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করত। বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে।

এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম শনিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় ২৬ মে ওই স্কুলছাত্রীর বাবা থানায় বিজয় বক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত