প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর কাছে ছুটে এসেছেন এক চীনা যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি (Jia Aili) নামের এক যুবকের।
সম্প্রতি সেই সম্পর্কের টানে জিয়াঐলি চীন থেকে বাংলাদেশে আসেন। সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকে তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।
এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবার জানায়, জিয়াঐলি তাকে বিয়ে করতে চান। আগামীকাল তারা আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাবেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে সম্পন্ন করবেন বলেও জানা গেছে।
স্থানীয়রা বলছেন, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরে আসার এমন ঘটনা এ অঞ্চলে খুবই বিরল—যা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ ও নার্সদের নীরব বিপ্লব