খাদ্য, প্রযুক্তি ও বিসিএস নিয়ে পবিপ্রবি’তে পাবলিক লেকচার

আপডেট : ১৩ জুন ২০২২, ০৫:৫০ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘পরিবর্তিত খাদ্য পরিস্থিতি, শিক্ষার মান, ডিজিটাল প্রযুক্তি ও বিসিএস- আমরা কোন পথে?’ শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ আয়োজনে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও একুশে পদক বিজয়ী ইমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। ছিলেন ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিশ প্রজেক্ট টিম লিডার প্রফেসর ড. মো. আব্দুল ওহাব এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক এক্সিকিউটিভ চেয়ারম্যান গবেষক ড. ওয়ায়েস কবির।

মুখ্য আলোচক কৃষিবিজ্ঞানী ড. সাত্তার বলেন, পরিবর্তিত খাদ্য পরিস্থিতিতে পরিবর্তিত খাদ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশের নিজস্ব আর্থিক সামর্থ্যের ব্যবস্থাপনাগত কৌশল দরকার। আগামী মৌসুমে ১৫ লাখ টন গম বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমদানি প্রতিস্থাপন সম্ভব। দক্ষিণাঞ্চলে লবণ সহিষ্ণু গমচাষের প্রকল্প এগিয়েছে। ভোজ্য তেলের চাহিদপূরণে স্বাস্থ্যসম্মত সরিষা বীজ উৎপাদন ও সূর্যমুখী ফুল চাষের উদ্যোগ বৃদ্ধি প্রয়োজন। চাল থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরি করা যেতে পারে।

আরও বলেন, শিক্ষা এখন ডিগ্রি সর্বস্ব পরীক্ষা নির্ভর, জ্ঞান অর্জন মুখ্য নয়। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এই শিক্ষা ব্যবস্থা তৈরি নয়। শিক্ষার্থীরা ব্যবস্থাপনাগত ফাঁদে আটকে পড়েছে। শিক্ষার্থীরা স্বপ্নহীন, ভবিষ্যৎহীন। তাদের আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা থাকতে  হবে। শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষামুখী। তারা শিক্ষার বাজার ব্যবস্থা ও দর্শনের অভিঘাতের মুখোমুখি হয়ে পড়েছে। তরুণদের ডিজিটাল প্রযুক্তির আসক্তি থেকে বেড়িয়ে সুকুমার বৃত্তির চর্চা প্রয়োজন।

ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানের শেষাংশে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. এম এ সাত্তার মন্ডল।   

এ ছাড়া পবিপ্রবি কৃষি অনুষদ সংলগ্ন সেমিনার কক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইকোনোমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘Financial Profitability and Value Chain Analysis of Pond Aquaculture in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রফেসর বদিউজ্জামানের পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে ড. সাত্তার মতামত দেন। এ সময় সহযোগী তত্ত্বাবধায়ক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাকৃবির প্রফেসর ড. আকতারুজ্জামান খান। সেমিনারে  আরও উপস্থিত ছিলেন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. গোলাম মো. মুরাদুল বশির, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত