ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাতে রিজভীর ‘অবস্থান’ নিয়ে নোটিস

আপডেট : ২২ জুন ২০২২, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মধ্যরাত পর্যন্ত ছাত্রদলের সাবেক সভাপতি, রাকসুর সাবেক ভিপি ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘রাজনৈতিক একজন নেতার সঙ্গে ক্লাবে বৈঠক’ করা নিয়ে ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহীম নোটিসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে এ বিষয়ে উনার (ক্লাবের সভাপতি ওবায়দুল) কাছে ব্যাখা চাওয়া হয়েছে। দর্শানোর নোটিসে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে ক্লাবের সদস্য ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাবের কার্যকরী পরিষদ।

মঙ্গলবার রাতে এ বিষয়ে রিজভী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী বন্ধু-বান্ধব শিক্ষকদের আমন্ত্রণে শিক্ষক ক্লাবে গিয়েছিলাম। এটা ছিল একান্ত সৌজন্য বিষয়। কিন্তু একে নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে এটা ক্ষমতাসীনদের একটি চক্রান্ত।

তিনি প্রশ্ন রেখে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি নিষিদ্ধ কোনো দ্বীপ না কি সেখানে কোনো রাজনীতিবিদ যেতে পারবে না। আমরা কেউ আমাদের বন্ধু-বান্ধবে সাথে দেখা করতে যেতে পারব না।

ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিজভীকে গত রোববার রাত ১১টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে প্রবেশ করছেন। তিনি সেখানে রাত একটা পর্যন্ত অবস্থান করেন।

ওই সময় ক্লাবে তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক ও ক্লাবের বর্তমান সভাপতি অধ্যাপক ওবায়দুল ইসলামসহ আরও ১০ থেকে ১২ জন ছিলেন।

রিজভীর ক্লাবে আসা কিংবা তার সঙ্গে ‘বৈঠকের’ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ওবায়দুল বলেন, এটা কোনো পলিটিক্যাল মিটিং ছিল না। আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি।

তিনি বলেন, ক্লাবের যেকোনো সদস্যের সঙ্গে গেস্ট আসতেই পারে। অনেকের সঙ্গেই আসে। তারাও তো রাত একটা, দুইটা পর্যন্ত খেলে, খায়, আড্ডা মারে। মিটিং আর আড্ডা এক জিনিস নয়।

এদিকে রিজভীর সঙ্গে সাদা দলের সাবেক আহ্বায়কের বৈঠককে ‘রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র’ আখ্যায়িত করে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সমাবেশ থেকে রিজভী ও অধ্যাপাক ওবায়দুলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত