গেল ঈদুল ফিতরে ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তির। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, যানজট কিংবা ভোগান্তির খবর মেলেনি খুব একটা। কিন্তু এবারের ঈদুল আজহায় সেই চিত্র অনেকটাই বিপরীত।
যাত্রীদের অভিযোগ, বিশৃঙ্খল পরিবেশে পরিবহন সংশ্লিষ্টরা একপ্রকার জিম্মি করে অতিরিক্ত ভাড়া বাড়িয়েছেন। পরিবহন মালিকরা বলছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গবন্ধু সেতুর ওপর বাস- পিকআপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়া, সেতুর ওপর গাড়ি বিকল ও অতিরিক্ত যানের চাপে ২০ কিলোমিটার সড়কে শুক্রবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত যানজটে ভুগতে হয় যাত্রী ও চালকদের। শুক্রবার ভোররাতে সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর টোল প্লাজায় দেড় ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের পরিস্থিতির উন্নতি হয়।’
এছাড়া সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে রায়গঞ্জের চান্দাইকোনা বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ও কড্ডার মোড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ফলে প্রচন্ড গরম আর ভোগান্তিতে দিশেহারা হয়ে পড়েন উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষ।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে থেমে থেমে যানজট হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদের পুলিশ টিম কাজ করছে।’
