ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং পণ্যবাহী গাড়ির শ্রমিকরা।
শুক্রবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট দেখা দেয়। তবে বিকেলের পর পরিস্থিতির অবনতি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়।
শুক্রবার রাতে আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কিছু জায়গায় গাড়ি ধীরগতিতে চললেও অধিকাংশ অংশে যানবাহন দীর্ঘ সময় প্রায় স্থির ছিল। শনিবার সকালেও মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি।
দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা আলী হাসান ওসামা। এক পোস্টে তিনি জানান, রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গৌরীপুর এলাকায় আটকে ছিলেন। সকাল ৮টায় ঢাকায় তার একটি অনুষ্ঠান থাকলেও যানজটের কারণে সময়মতো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
যানজটে আটকে থাকা বাসযাত্রী মাহাবুব আলম বলেন, সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্তও দাউদকান্দিতে পৌঁছাতে পারেননি। দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
আরেক যাত্রী খাদেমুল জানান, রাত থেকেই বাসে আটকে আছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই। বাসের ভেতরে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানান তিনি।
স্টার লাইন পরিবহনের চালক জলিল আহমেদ বলেন, মহাসড়কে স্বাভাবিক সময়েই যানবাহনের চাপ থাকে। এর মধ্যে একটি লেন বন্ধ থাকায় সব গাড়িকে অন্য লেন দিয়ে নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে হচ্ছে। এ কারণেই যানজট দীর্ঘ হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী অংশের বড় গর্তগুলো মেরামতে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানান, আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজের কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত তথ্য দিতে পারবে বলে জানান তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে একটি লেন দিয়েই পালাক্রমে যানবাহন পারাপার করাতে হচ্ছে। এতে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
যুব আন্দোলনের নেতা খুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ