রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং সাজেক মাচালং এলাকার বাসিন্দা অনন্ত ত্রিপুরা (৪০) নামে একজন শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাচালং বাজার থেকে একটি জিপ কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা (২নং কালভার্ট) এলাকায় ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জিপের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
