রাশিয়ার উৎপাদিত খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছাতে বাধা দূর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।
শনিবার (২০ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।
তিনি বলেন, রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও সারের অবাধ রপ্তানি দেখতে চায় জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব বলেন, ২০২২ সালে পর্যাপ্ত সার না পাওয়া গেলে ২০২৩ সালে পর্যাপ্ত খাবার নাও পাওয়া যাবে না। তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে আরও বেশি খাদ্য ও সার পাওয়া খাদ্যপণ্যের বাজারের অস্থিরতা কমে আসবে।
গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় প্রথমবারের মতো ইউক্রেনীয় শস্য রপ্তানি বাধাগ্রস্ত হয়। শস্য রপ্তানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় ইউক্রেন।
তুরস্ক জানিয়েছে, ওই চুক্তির আওতায় ইতিমধ্যেই ২৭টি জাহাজে ৬ লাখ ৫০ হাজার টনেরও বেশি শস্য ও অন্যান্য খাদ্য ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছেড়ে গেছে।
