আপনারা যেভাবে শুরু আর শেষ করেছেন, একইভাবে হয়েছে : সাকিব

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১:২০ পিএম

বেটউইনার ইস্যুতে আলোচনা কম হয়নি। জল অনেক দূর অবধি গড়িয়েছিল। সাকিব আল হাসান ও বিসিবি যেন ‍মুখোমুখি অবস্থান নিয়েছিল। সভাপতি পাপন হুমকি অবধি দিয়েছিলেন, চুক্তি বাতিল না করলে নিষিদ্ধ করা হবে ক্রিকেট থেকে। শেষ পর্যন্ত তিনি চুক্তি বাতিল করে ফিরে আসেন দেশে। ঐদিনই সভাপতির বাসায় বৈঠক শেষে ফিরে পান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব।

কিন্তু এরপর থেকে শুরু হয় অন্য আলোচনা। সাকিব কি আসলেই বেটউইনারের সঙ্গে চুক্তি করেছিলেন? এই সন্দেহ আরও ঘনীভূত হয় সভাপতির বাসায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে সাকিবের উড়ন্ত চুম্বন। বিতর্কিত এক চুক্তি বাতিল করে তিনি ফিরেছেন, ক্রিকেট বোর্ডের সভাপতি চটে ছিলেন। তাকে দেওয়া হয়েছিল দেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়ারও হুমকি। কিন্তু তিনি ছিলেন ফুরফুরে মেজাজেই। দুশ্চিন্তার লেশমাত্র ছিল না তার চোখেমুখে।

আজ সোমবার এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনেও তাই বেটউইনার প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল। কিন্তু গণমাধ্যমকর্মীর এমন প্রশ্ন অনেকটা এড়িয়েই গেছেন তিনি।

এ বিষয়ে সাকিব বলেন, আপনারা যেভাবে শুরু করেছেন, আর যেভাবে শেষ করেছেন; একইভাবে হয়েছে। আমার এখানে খুব বেশি কিছু বলার নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত