কুড়িগ্রামে স্কুলে যাওয়ার পথে গাছচাপায় প্রাণ গেল ছাত্রের

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:৪৬ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে গাছ চাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলেমর ছেলে। তিনি চর শৌলমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ আল নোমান রাব্বি নানা বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পূর্ব পাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটছিলেন কাঠুরিয়া। ওই গাছ রাব্বির উপর পড়লে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ওসি রূপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা ও পরিবারের লোকজন থানায় এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত