এক ম্যাচের টিকিট বিক্রির সব টাকা বন্যার্তদের দেবে পিসিবি

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৪:২৮ পিএম

তিন দশকের মধ্যে পাকিস্তানে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। যার প্রভাবে দেশটির এক-তৃতীয়াংশ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ। যাতে দেশটির প্রায় ১০ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বন্যা আক্রান্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কালো ব্যান্ড পড়ে খেলেছিলেন বাবর আজমরা।

এবার পুরো এক ম্যাচের টিকিট বিক্রির টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অনুদান দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ শেষে পাকিস্তান ঘরের মাঠে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত পুরো অর্থ পিসিবি বন্যায় আক্রান্তদের সহযোগিতার্থে দেবে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী শেরি রেহমান এটিকে জলবায়ু বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তার দেওয়া তথ্যে জানা গেছে, বন্যায় দেশটির প্রায় ১০ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষতি হয়েছে। বাংলাদেশি টাকায় যা ৯৪ হাজার ৮২৯ কোটি টাকা।

বন্যার্তদের পাশে থাকা সিদ্ধান্ত জানিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেটের দিক থেকে আমরা গর্বিত জাতি। বন্যায় আক্রান্ত সকল পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে পিসিবি সবসময় এর সমর্থক ও সাধারণ মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির টিকিট থেকে আয়ের পুরোটাই বন্যার ফান্ডে দিয়ে দেওয়া হবে।’

পরোক্ষভাবে বন্যার্তদের সাহায্য করার জন্য সেই টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রমিজ। যাতে করে জলবায়ু বিপর্যয় মোকাবিলায় ভালো পরিমাণের একটি অনুদান তারা সরকারের ফান্ডে দিতে পারেন। আর্থিক সাহায্যের আগে খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত