নিজে শপিং কম করে প্রেমিককে প্রযোজক বানিয়েছেন ঐন্দ্রিলা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২ পিএম

কলকাতার ফিল্মপাড়ায় এখন একাধিক প্রযোজক। একটা সময় ছিল হাতেগোনা মাত্র কয়েকটি প্রযোজনা সংস্থারই ছিল রমরমা। যত দিন গড়াচ্ছে পরিধি বাড়ছে। প্রসেনজিৎ, জিৎ, দেব, সোহমের পর এবার ছবি প্রযোজকের তালিকায় নাম লেখালেন অঙ্কুশও। তার নতুন প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স'।

১৫ অগস্ট প্রযোজক হিসাবে নিজের নতুন যাত্রার কথা ঘোষণা করেন অভিনেতা।

অনেকে বলেন, কোনো সফল ব্যক্তির পেছনে থাকে কোনো না-কোনো নারী। তা হলে অঙ্কুশের এই নতুন যাত্রার নেপথ্যে কি রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন? ৮ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে অভিনেতার নতুন ছবি 'মির্জা'র প্রথম ঝলক।

সেই অনুষ্ঠানে নায়িকা বলেন, 'আসলে আমি শপিং করা কমিয়ে দিয়েছি, তাই তো ও প্রযোজক হতে পেরেছে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় ছিল অঙ্কুশ। অবশ্যই পেছন থেকে একটু ঠেলা দিতে হয়েছে। তবে ও সব সময় বলেছিল যেটাই করবে, তা বড় আকারে করবে। আমি খুশ এতদিনে ওর স্বপ্ন সত্যি হতে চলেছে।'

অঙ্কুশ ছাড়া এই ছবিতে কাদের দেখা যাবে, তা এখনও জানা যায়নি। আবারো কি ঐন্দ্রিলার সঙ্গে জুটি বাঁধবেন নায়ক, তা ক্রমশ প্রকাশ্য। সূত্র : আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত