জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার ৪৮৬ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শনিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দি বণিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম রফিক, ফজলুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুই দফায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৪৮৬ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে ছাঁটাই করেছে। অবিলম্বে সব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময় কারখানার নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো.দেলোয়ার হোসেন জানান, কারখানার উৎপাদন গত দুই মাস ধরে বন্ধ রয়েছে ও শ্রমিক নিয়োগে নতুন করে টেন্ডার না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারখানা পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, দুই দফায় শ্রমিক ছাঁটাইয়ের কারণে গত ১সেপ্টেম্বর থেকে ৪৮৬ জন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকদের কারখানায় কাজ করতে দেয়া হচ্ছে না।
