দেশের ২১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সম্ভাবনাময় চিত্রনায়ক আদার আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শিপন মিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটির প্রথম শো প্রায় প্রেক্ষাগৃহে দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন বলে জানা গেছে। প্রথম শো দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন গুণী নির্মাতা মালেক আফসারী। সিনেমাটি দেখে তিনি বলেন, ‘যাও পাখি বলো তারে’ সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। আমি আবারও পরিবার নিয়ে আগামীকাল দেখবো। পরিচালক মানিক পরীক্ষায় উত্তীর্ণ। তাকে ১০ এর মধ্যে ১০ দেব। সিনেমাটি সবার দেখা দরকার।’ অভিনেতা আদর আজাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করেছে। সিনেমার সংলাপগুলো দুর্দান্ত। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন। সিনেমার শেষটা সুন্দর ছিল। সিনেমার শেষটা দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।’
চলচ্চিত্র পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘মাহিকে এত সুন্দর আগে কখনো লাগেনি। এই সিনেমায় তার উপস্থাপন ও অভিনয় খুবই ভালো লেগেছে। ঝকঝকে তকতকে একটি সিনেমা। অনেকদিন পর হামিংয়ের ব্যাপারটা ইমন শাহ দেখিয়েছি। প্রেমের গল্পের বাইরে এই সিনেমায় দুই বন্ধুর একটি গল্প দেখেছি, যা প্রশংসনীয়।’ সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী পরিচালক মানিক। তিনি বলেন, ‘আমি বলেছিলাম একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে। তবে প্রথম শো থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করব।’

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। ছবির গানে সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।