ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় ডিবি।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময় ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যায় ডিবি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ডিবিসিতে একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রাত সাড়ে ১২টায় ডিবিপ্রধান বলেন, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেস ক্লাবে দেখা যায়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত