হোবার্টে টিউলিপের সুগন্ধ, নাকি শাপলার স্ব-মহিমায় জেগে ওঠা

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০১:৩১ এএম

এক দশক আগে একে অপরের প্রথম দেখা। সেই দেখা জয়ী হয়েছিল টাইগাররা। তারপর আরও দুবার ডাচদের মোকাবেলা করতে হয়েছে। এতে একটি করে জয় উভয় দলেরই। অর্ধ যুগ আগে শেষবারের যে দলটির বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মাটিতে সেই নেদাল্যান্ডের বিপক্ষে আজ সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব আল হাসানরা।

বিশ্বকাপের মূল পর্বে এবার সরাসরি খেলছে বাংলাদেশ। আজকের ম্যাচটা তাই টুর্নামেন্টে টাইগারদের প্রথম ম্যাচ। তবে নেদারল্যান্ডকে আসতে হয়েছে বাছাইপর্বের বাঁধা পেরিয়ে। অঘটনের বাছাইপর্বে ডাচরা জয় পেয়েছে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে নিজেদের শেষ ম্যাচে লংকানদের কাছে হেরে গিয়ে শঙ্কা জেগেছিল বিদায়ের। তবে আমিরাতের সঙ্গে নামিবিয়ার পরাজয় হলে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত হয় টিউলিপের এই দেশটির। তাই বলা চলে বিশ্বকাপে ডাচ ক্রিকেটাররা ছুটছেন দুরন্ত গতিতে।

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে উভয় দলের এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। প্রথমটি ২০১২ সালের জুলাইয়ে। সে বছর শ্রীলংকায় হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে খেলার আগে নিজেদের এ সংস্করণে উপযোগি করে তুলতে নেদারল্যান্ড ও স্কটল্যান্ডে সিরিজের আয়োজন করে বাংলাদেশ। মজার বিষয় হলো তখন অবধি টাইগাররা টি-টোয়েন্টির র‌্যাংকিংয়েই ঢুকতে পারেনি। অথচ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়দের হারিয়ে দিয়েছিল দলটি।

শ্রীলংকা বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দুই ম্যাচের একটি সিরিজ খেলে বাংলাদেশ। একটি ম্যাচে জিতলেও পরেরটিতে হেরে যায় তারা। এরপর ২০১৬ সালের ভারতের ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নামে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বাধীন সে ম্যাচে ৮ রানের জয় পেয়েছিল।

এ নিয়ে চতুর্থবার দেখা হচ্ছে ‍দুই দলের। এই ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। সেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, তারপর থেকেই টুর্নামেন্টের মূল পর্বে আর জয়ের দেখা নেই তাদের। এবার মূল পর্বের প্রতিপক্ষ তুলনামূলক সহজ। যারা অভিজ্ঞতা ও শক্তিমত্তায় টাইগারদের চেয়ে পিছিয়ে।

কিন্তু প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন ডাচ ব্যাটাররা। পরিস্থিতির চাহিদা অনুযায়ী ব্যাট করার সামর্থ আছে তাদের। ২০১৪ সালে সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেই ম্যাচটি তো এখনও স্মৃতির পাতায় টাটকা হয়ে আছে। আয়ার‌্যলান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য ডাচরা তাড়া করে মাত্র ১৩.২ ওভারেই। ঠিক সময়ে ম্যাচটা জিততে পারায় নিশ্চিত হয়ে যায় তাদের সুপার টুয়েলভে খেলা।

উভয় দলই তাই সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামার আগে সমীহ করছে একে অপরকে। আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ১০টায় টাইগাররা খেলতে নামছে ডাচদের বিপক্ষে। হোবার্টে তাই টিউলিপের দেশ নেদারল্যান্ডের ক্রিকেটাররা জয়ের সুগন্ধ ছড়াবে নাকি স্ব-মহিমায় গজিয়ে উঠবে শাপলা ফুলের বাংলাদেশ! সেটাই দেখার অপেক্ষা।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত