প্রস্তুত রূপায়ণ সিটি কুমিল্লা, প্রথম দিনের প্রতিপক্ষ সাকিবের পদ্মা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০১:৪১ পিএম

বিকেএসপির অনুশীলন ক্যাম্পে রূপায়ণ সিটি কুমিল্লা নিজেদের ভালোই প্রস্তুত করেছে। তার প্রমাণ প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের জয়। হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দু’দিন আগে মূল ভেন্যুতে প্রথম ম্যাচ খেলল দলটি। একমি চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটিতে অধিনায়ক সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে করা গোলে এসেছে এই জয়। বিকেএসপিতে মেট্রো এক্সপ্রেস বরিশাল, ওয়ালটন ঢাকা ও বিকেএসপির সঙ্গেও ম্যাচ খেলেছে রূপায়ণ সিটি কুমিল্লা। তবে সেই ভেন্যুর চেয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভেন্যুর প্রস্তুতিটাই তো গুরুত্বপূর্ণ। এ মাঠেই হবে আসরের সব ম্যাচ।

কাল খেলোয়াড়দের জন্য ম্যাচ খেলাই কঠিন ছিল। বিকেএসপি থেকে সরাসরি হকি স্টেডিয়ামে আসতে হয়েছে পুরো দলকে। ঢাকার ট্রাফিক-জ্যাম ঠেলে এত লম্বা জার্নি শেষে ম্যাচ খেলা প্রায় অসম্ভব। সঠিক সময়ে ভেন্যুতে পৌঁছতেও পারেনি দলটি। দেরিতে এলেও রূপায়ণের খেলোয়াড়রা খেললেন। ম্যাচটি নির্ধারিত চার কোয়ার্টারের চেয়ে বাধ্য হয়েই খেলতে হলো দুই কোয়ার্টারে। মোট ২০-২৫ মিনিটের খেলাতে ক্লান্তির ছাপ অবশ্য ছিল না সবুজদের। মাঠে একমি চট্টগ্রামের ওপর আক্রমণ করেই খেলেছে তারা। প্রথম কোয়ার্টারে একটি গোলের সুযোগও মিস হয়। একই কোয়ার্টারে একমি চট্টগ্রামও একবার আক্রমণ করে কুমিল্লার জালে। দ্বিতীয় কোয়ার্টারে পিসি পায় কুমিল্লা। তা থেকে টানা দুটি পিসি বাতিল হয়। তৃতীয় পিসিতে বল শূন্যে ভাসিয়ে জালের ডান কর্নার দিয়ে লক্ষ্যভেদে গোল করেন সুবজ। এই গোলের কিছু পরেই আলোর স্বল্পতায় খেলার শেষ বাঁশি বাজাতে হয়।

কাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মোনার্ক মার্ট পদ্মার বিপক্ষে মাঠে নামবে রূপায়ণ সিটি কুমিল্লা। পদ্মা দলে অভিজ্ঞ জিমি-পিন্টুরা আছেন। তাই অধিনায়ক সবুজ জানালেন নিজেদের প্রথম ম্যাচে অভিজ্ঞ দলটির সঙ্গে আলাদা পরিকল্পনা করছেন, ‘ওদের সঙ্গে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ওই দলে অভিজ্ঞ খেলোয়াড় আছেন যেমন জিমি ভাই, পিন্টু ভাই; আবার বেশ স্পিডি তরুণ খেলোয়াড়ও আছেন। আমরা চেষ্টা করব ওই ম্যাচে যেন দ্রুত গোল পেতে পারি। তখন আমাদের চাপটাও কম থাকবে। শুরুতে এগিয়ে গেলে ম্যাচে একটু নির্ভার থাকা যায়। দল অভিজ্ঞ বলে ওদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা হচ্ছে।’ সবুজ জানালেন, প্রস্তুতি ম্যাচের তাদের মূল লক্ষ্যই ছিল একটু নিজেদের বাঁচিয়ে খেলা। যেন মূল ম্যাচের আগে কেউ চোটে না পড়েন। প্রথম ম্যাচের জন্য নিজেদের একাত্মবোধকেই শক্তির জায়গা বললেন অধিনায়ক। শুধু খেলোয়াড়দের মাঝেই নয়, শুরু থেকে সব চাহিদা পূরণ করে খেলোয়াড়দের পাশে থাকা রূপায়ণ গ্রুপকেই দলের অংশ বললেন এই অধিনায়ক।

এক দল হয়ে আসরে ভালো কিছু করতে প্রস্তুতির কথা জানালেন রূপায়ণ গ্রুপ কুমিল্লার সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব। বিকেএসপির এই হকি কোচের চোখে তার দলের প্রস্তুতি সিংহভাগ হয়েছে অনুশীলন ক্যাম্পে। বিকেএসপির মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার পর কাল ও আজ মূল ভেন্যুতে মানিয়ে নিতে চান তারা। বিপ্লবের চোখে তার দলের শক্তি রক্ষণ ও পিসিতে। কুমিল্লা দলে থাকা তিন বিদেশি দক্ষিণ কোরিয়ান কিম সুং ইয়োব (ডিফেন্ডার), ইন্দোনেশিয়ান মোহাম্মদ ফাতুর (ডিফেন্সিভ মিডফিল্ডার) ও ভারতের প্রদীপ মোরে (ডিফেন্সিভ মিডফিল্ডার) রক্ষণভাগকে সুরক্ষিত করেছেন। আর পিসি টেকার হিসেবে অধিনায়ক সবুজ আছেন। গত লিগে সর্বোচ্চ স্কোরারও তিনি। বিপ্লব তাই দলের ভালো করার সুযোগ হিসেবে এ দুই জায়গাকেই দেখছেন, ‘রক্ষণে বেশি ভালো হওয়ার কারণ আমাদের ডিফেন্সের সবাই বিদেশি। একটা আসরে যে দলের ডিফেন্স লাইন বেশি ভালো তারা লম্বা সময় খেলে দলকে এগিয়ে নিতে পারে। আমাদের ১৭-১৮ দিনে ফাইনালে যেতে হলে প্রায় ১২-১৩ ম্যাচ খেলতে হবে। তো রক্ষণে যদি দুর্বলতা থাকে এই লম্বা সময় ও এতগুলো ম্যাচে যেকোনো দল এমনিতেই পিছিয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত