ক্রিমিয়ার উপকূলে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ বহরের ওপর ১৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন— এমন অভিযোগের ভিত্তিতে তিন মাস আগের এক শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে মস্কো। রাশিয়ার এ সিদ্ধান্তকে বৈশ্বিক খাদ্য সংকটের মুখে বড় ধাক্কা হিসেবে বলছে রয়টার্স।
এর আগে, জাতিসংঘের উদ্বেগের মুখে তুরস্কের মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে চুক্তি করে কৃষ্ণসাগরের মস্কো-অধিকৃত জলসীমায় শস্যবোঝাই জাহাজ চলাচল শুরু হয়েছিল।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার (২৯ অক্টোবর) ব্রিটিশ নৌ বাহিনীর বিশেষজ্ঞদের তদারকিতে ১৬টি ড্রোন দিয়ে তাদের নৌ বহরের ওপর 'সন্ত্রাসী হামলা' চালিয়েছে ইউক্রেন। তার জবাবে, ইউক্রেন থেকে কৃষ্ণসাগর ব্যবহার করে কৃষিজ পণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়ন থেকে নিজদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
একইসঙ্গে, নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার পেছনেও ব্রিটিশ নৌ বাহিনীকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও ব্রিটেন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, যুদ্ধে নিজেদের ব্যর্থতা থেকে নজর সরাতেই তারা এ রকম 'মহাকাব্যিক মিথ্যা'র আশ্রয় নিয়েছে মস্কো।
