বড় কোনো লক্ষ্য দিতে পারেনি ভারত। নাগালের মধ্যে থাকলেও সেটা টপকাতে নাকানি-চুবানি খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। হাত থেকেই প্রায় ফসকে যাচ্ছিল। তবে এইডেন মার্কারাম ও ডেভিড মিলারের অর্ধশতকে ভর করে খেলা গড়ায় শেষ ওভারে। তবে আলোর মুখ আর দেখা হয়নি কোহলিদের। ক্যাচ মিসের ম্যাচটিতে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
ভারতের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ছুঁয়েছে তারা ১৯.৪ ওভারে। ডেভিড মিলারের অপরাজিত ৫৯ রান আর মার্কারামের ৫২ রানের ইনিংসেই জয়ের বন্দরে ভিড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে আর্শদীপ সিং দুটি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামী, হার্দিক পান্ডিয়া ও রভিন্দ্রচরণ অশ্বিন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত। কিন্তু শুরুটা ভাল হয়নি ভারতের। উইকেটের গতি ও উচ্চতা কাজে লাগিয়ে লেংথ বল করতে থাকেন কাগিসো রাবাদারা। মাত্র ৪৯ রানে ভারতের ৫ উইকেট পড়ে যায়। একটা সময় দেখে মনে হচ্ছিল, ১৫০ রান করে ফেলবে ভারত। কিন্তু কার্তিক ও সূর্য আউট হয়ে যাওয়ায় শেয দিকে রান কম হল। সূর্য করলেন ৬৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করল ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া ১৫ রান খরচায় এক মেইডেনসহ তিন উইকেট জমা পড়েছে পার্নেলেরে ঝুলিতে।
প্রথমে খারাপ ব্যাটিং ও তার পরে খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিল ভারত। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারলেন রোহিত শর্মারা। প্রথমে দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি ও বাউন্স ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলল। তার মধ্যেই দুর্দান্ত অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব। ভারতীয় বোলাররাও দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু সহজ ক্যাচ ছাড়লেন বিরাট কোহলি। সহজ রান আউট মিস্ করলেন রোহিত। তার খেসারত দিতে হল। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল ভারতকে।
